সারাদেশ

নান্দাইলে জিআর চাল, ঢেউটিন ও হুইলচেয়ার বিতরণ

 

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের কল্যাণে নিরলসভাবে কাজ করছেন : প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

আঃ হান্নান আল আজাদ,
নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে জিআর চাল, হতদরিদ্র পরিবারের মধ্যে ঢেউটিন এবং প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, “পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে নান্দাইল উপজেলার প্রতিটি গ্রাম ও ইউনিয়নে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের ছোঁয়া সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ৩০ জন হতদরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, ১০ জন প্রতিবন্ধীর মধ্যে হুইলচেয়ার এবং ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জিআর চাল তুলে দেন।
এর আগে তিনি প্রধান অতিথি হিসেবে ‘ক্লাইমেট স্মার্ট’ কৃষি প্রযুক্তি প্রদর্শনী, তিন দিনব্যাপী ফলমেলা-২০২৬ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত এবং উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা।
পরে প্রতিমন্ত্রী পৌরসভার আমোদাবাদ এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলে আগামী প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য দেশ গড়ে তোলা সম্ভব হবে।”
অনুষ্ঠানগুলোতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

Share

আরও খবর

Sponsered content