আইন-আদালত

বাকেরগঞ্জে গাঁজা গাছসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বড় আকারের গাঁজা গাছসহ মোঃ শহিদুল সিকদার (৫৫) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়নের ছোট রঘুনাথপুর গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত শহিদুল সিকদার ওই গ্রামের মৃত আলী আহম্মদ সিকদারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, শহিদুল সিকদার দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসা ও মাদক চাষের সঙ্গে জড়িত। শুক্রবার রাতে তার বাড়িতে গাঁজা গাছ থাকার গোপন খবর পায় পুলিশ। তথ্যের সত্যতা যাচাই করে বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফোরকান মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ি থেকে একটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

​স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, শহিদুল সিকদার এলাকার একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। এর আগেও তিনি একাধিকবার বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

​বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। তরুণ সমাজ ও এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক আইনে নতুন মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। বিশেষ প্রতিনিধি মৃধা আজাদ বরিশাল,

Share

আরও খবর

Sponsered content