৭ জুন ২০২৬ , ৩:৫৭:৩০ প্রিন্ট সংস্করণ

আঃ হান্নান আল আজাদ, আঞ্চলিক প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে উপজেলা প্রশাসন। রোববার (৭ জুন) বেলা সাড়ে ৩টায় এ আদেশ প্রত্যাহার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার বেলা সাড়ে ৩টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। এখন সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।”
এর আগে গত বৃহস্পতিবার (৪ জুন) খারুয়া বাজার এলাকায় দীর্ঘদিনের জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া, দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় উভয় পক্ষ বাঁশের লাঠি, দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নান্দাইল মডেল থানা পুলিশ, অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল) এবং র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালান। এ সময় পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন দুপুর সাড়ে ১২টা থেকে খারুয়া বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। এর ফলে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খারুয়া গ্রামের আব্দুর রউফ ও নরেন্দ্রপুর গ্রামের শওকত আলীর মধ্যে প্রায় ৩০ বছর ধরে দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, গত বুধবার (৩ জুন) সকালে শওকত আলী বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের উদ্যোগ নিলে আব্দুর রউফ তা ভেঙে দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিষয়টি থানায় অভিযোগ আকারে গেলে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
পরদিন বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগ করেছেন।
এ ঘটনায় গত শুক্রবার নান্দাইল মডেল থানা পুলিশ বাদী হয়ে দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছে। মামলার পর থেকে গ্রেপ্তার আতঙ্কে এলাকার অনেকেই বাড়িঘর ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
১৪৪ ধারা প্রত্যাহারের পর খারুয়া বাজারে ধীরে ধীরে ব্যবসা-বাণিজ্য ও জনজীবন স্বাভাবিক হতে শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, প্রশাসনের তৎপরতায় এলাকায় আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।












| নামাজের সময়সূচী | |
|---|---|
| July 21, 2026 | |
| Fajr | 12:00 am |
| Sunrise | 12:00 am |
| Zuhr | 12:00 am |
| Asr | 12:00 am |
| Maghrib | 12:00 am |
| Isha | 12:00 am |
| , | |