সারাদেশ

নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী: গ্রামীণ উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে

 

আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের বাঁশহাটি উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। গ্রামই দেশের অর্থনীতি ও উন্নয়নের ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।
শনিবার (২৫ জুলাই) বিকেলে অনুষ্ঠিত সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গ্রামীণ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। চলতি অর্থবছরে গ্রামীণ সড়ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। এসব প্রকল্পের সুফল অচিরেই সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, বিএনপি জনগণের কল্যাণে রাজনীতি করে এবং জনগণই দলের সকল ক্ষমতার উৎস। দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। এ লক্ষ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। পাশাপাশি প্রকৃত উপকারভোগীদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতে পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার প্রস্তুতের কাজ চলমান রয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হবে। এতে সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
তিনি বলেন, গণতন্ত্র, সুশাসন ও জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না বলেও তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়, ওমর ফারুক নোমানী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, কামরুজ্জামান রাসেল, আকরাম হোসেন, ফেরদৌস, সাকিল মাহমুদ, ওসমান গনি, লিটন সরকারসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা দলকে আরও সুসংগঠিত করা, সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Share

আরও খবর

Sponsered content