মাসুদ মাহাতাব ,ঢাকা
চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে HWPL ও BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা। নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক শিরিন হাবিবের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় শুরু হয়েছে বিশুদ্ধ পানি, হালকা খাবার এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি।
বুধবার (২২ জুলাই) এইচএসসি পরীক্ষার ১১তম দিনে সিদ্ধিরগঞ্জ এমডব্লিউ কলেজ এবং রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে অবস্থানরত শতাধিক অভিভাবক ও শিক্ষার্থীর হাতে মিনারেল ওয়াটার, হালকা খাবার এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট তুলে দেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
এ কর্মসূচিতে নেতৃত্ব দেন BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম এবং ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি সেলিনা সুলতানা শিউলী।
সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক ছায়ানুর তালুকদার, BHDS অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থা ঢাকা বিভাগীয় কমিটির সদস্য রাশিদা বেগম, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হামিদুল ইসলাম জয়, সকাল নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালের সিনিয়র ফটোসাংবাদিক জামাল তালুকদার, মাহাতাব হোসেন, কবির হোসেন, রাকিব মিয়াসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
এ সময় মো. মোমেন ইসলাম বলেন, "পরীক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন এলাকা থেকে আসা অভিভাবকদের দীর্ঘ সময় তীব্র গরমের মধ্যে কেন্দ্রের বাইরে অপেক্ষা করতে হয়। তাদের কষ্ট কিছুটা লাঘব করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই শিরিন হাবিবের উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। আমরা চাই, সমাজের বিত্তবান ও সচেতন মানুষও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসুক।"
তিনি আরও জানান, পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ শহর, বন্দর ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি, হালকা খাবার এবং ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
উপস্থিত অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রচণ্ড গরমে দীর্ঘ সময় অপেক্ষার সময় এক বোতল বিশুদ্ধ পানি ও হালকা খাবার তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গৃহীত এই উদ্যোগ ইতোমধ্যেই এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.