মাসুদ মাহাতাব, ঢাকা
রাজধানীর কদমতলীতে শারীরিক সহিংসতার শিকার ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে এক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কর্মরত বেসরকারি সংস্থা লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো) এই সভার আয়োজন করে।
আয়োজকরা জানান, সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় ভোকেশনাল সেন্টারের কার্যক্রম, লক্ষ্য ও অর্জন সম্পর্কে কমিউনিটিকে অবহিত করা এবং সুবিধাবঞ্চিত ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার গুরুত্ব তুলে ধরা। পাশাপাশি শিশুদের নিরাপত্তা ও পুনর্বাসনে কমিউনিটির দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করা এবং স্থানীয় অভিভাবক, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করাও ছিল আয়োজকদের লক্ষ্য।
অনুষ্ঠানে অংশ নেয় ৩৪ জন শিশু, ৫ জন অভিভাবক ও ৪ জন প্রশিক্ষকসহ মোট প্রায় ৫৮ জন অংশগ্রহণকারী; উপস্থিত ছিলেন ১৭ জন অতিথি। কর্মসূচিতে ছিল লিডো সম্পর্কে পরিচিতিমূলক আলোচনা, কমিউনিটির সঙ্গে মতবিনিময়, এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন ট্রেড ঘুরিয়ে দেখানো ও শিশুদের কাজ উপস্থাপন।
বক্তারা বলেন, কমিউনিটির ইতিবাচক অংশগ্রহণ শিশুদের দক্ষতা উন্নয়ন, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও কার্যকর করে তোলে এবং স্থানীয় পর্যায়ে সহযোগিতার মাধ্যমেই এই শিশুদের জন্য একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.