‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক- বালিকা) ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল খেলা শনিবার (২০জুন) রাজধানীর বনানীতে অবস্থিত বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। উক্ত ফাইনালে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ, ন, ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, এমপি, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং ক্ষুদে ফুটবলারগণ।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে গত ৬ এপ্রিল শুরু হওয়া এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১১ লাখের বেশি ছাত্র এবং ১১ লাখের বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে। গ্রাম পর্যায় থেকে শুরু হয়ে ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে চারটি দল জাতীয় পর্যায়ের ফাইনালে জায়গা করে নেয়। বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বালক ও বালিকা বিভাগে দেশের সেরা দু’টি করে চারটি দল শিরোপার জন্য লড়ছে।
বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্ররা। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় রাজশাহী বিভাগের পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা।
জাতীয় পর্যায়ে বালক ও বালিকা উভয় বিভাগে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ময়মনসিংহের স্কুল দুটি।
বক্তৃতা প্রদানকালে ময়মনসিংহ-০৭ (ত্রিশাল) আসনের এমপি ডা. মাহবুবুর রহমান লিটন বলেন, বাংলাদেশের ইতিহাসে আমাদের ক্ষুদে খেলোয়াড়দের নিয়ে এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এরকম টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এসব ক্ষুদে ফুটবলাররা একসময় আমাদের সকলের মুখ উজ্জ্বল করে বিশ্বকাপ ফুটবল খেলবে। ছেলেদের গ্রুপে সারাদেশের ৬৫ হাজারের বেশি স্কুলের মধ্যে প্রতিযোগিতা করে ত্রিশালের টিম ফাইনালে খেলেছে। জয়-পরাজয় বড় কথা নয়, এই চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তারা খেলতে পেরেছে এজন্য ধন্যবাদ ও রানার্সআপ ত্রিশালকে অভিনন্দন।
প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতৃবৃন্দের বক্তৃতা শেষে প্রধানমন্ত্রী প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর বিজয়ী ও বিজিত উভয় দলকে মেডেল পরিয়ে দেন এবং ট্রফি তুলে দেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতার।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.