মো:রসুল খান প্রতিনিধি-খুকৃবি
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বর্ণিল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী ডিভিশনাল ফ্যামিলি (আরডিএফ)-এর প্রথম ‘ফুড ফেস্টিভ্যাল সিজন ১’। বিকেল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এই জমকালো আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সংগঠনের সম্মানিত উপদেষ্টামণ্ডলী, সভাপতি মুসাফির ইমরান, সাধারণ সম্পাদক আকিবুর রহমান, কোষাধ্যক্ষ সাদমানুর রহমান রকি এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং জাঙ্ক ফুড বর্জন করে পুষ্টিকর ও প্রাকৃতিক ফলমূল খাওয়ার মাধ্যমে সুস্বাস্থ্য বজায় রাখার বার্তা ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়। উৎসবে আরডিএফ-এর বিভিন্ন ব্যাচের পক্ষ থেকে ৩টি আকর্ষণীয় স্টল দেওয়া হয়েছিল, যেখানে রাজশাহী অঞ্চলের ঐতিহ্যবাহী আমসহ হরেক রকমের বিখ্যাত ও সুস্বাদু ফলের চমৎকার প্রদর্শনী করা হয়। এই ভিন্নধর্মী আয়োজনে রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
উৎসব চলাকালীন আয়োজক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ তাদের অনুভূতি ও বক্তব্য প্রকাশ করেন। সংগঠনের সভাপতি মুসাফির ইমরান তাঁর বক্তব্যে বলেন, “খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এটি আমাদের অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ এবং সবার উপস্থিতি আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। রাজশাহী ডিভিশনাল ফ্যামিলির মূল লক্ষ্যই হলো নিজেদের ভেতরের মেলবন্ধন ও সম্পর্ককে আরও সুদৃঢ় করা এবং শিক্ষার্থীদের সবসময় নতুন ও বিনোদনমূলক কিছু উপহার দেওয়া। এমন একটি সুন্দর ইভেন্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত।”
সাধারণ সম্পাদক আকিবুর রহমান সবাইকে স্বাস্থ্য সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমরা প্রতিনিয়ত যেসব ক্ষতিকর জাঙ্ক ফুড খেয়ে থাকি, তা পরিহার করে প্রকৃতির দেওয়া ফ্রেশ ও ন্যাচারাল ফলমূল গ্রহণ করা উচিত। এর মাধ্যমেই একটি সুস্থ জীবনযাপন সম্ভব এবং আশা করি সবাই এই ফেস্টিভ্যাল খুব উপভোগ করেছেন।”
কোষাধ্যক্ষ সাদমানুর রহমান রকি তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে এটিই প্রথম ফল উৎসব। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল আমাদের রাজশাহী অঞ্চলের বিখ্যাত আম ও অন্যান্য ফল সবার সামনে তুলে ধরা এবং পড়াশোনার পাশাপাশি সবার মাঝে একটি চমৎকার ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা। ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এমন আয়োজন বজায় রাখব।”
দিনশেষে, বিচারকদের সূক্ষ্ম মূল্যায়নে চমৎকার ও নান্দনিক পরিবেশনার জন্য উৎসবের শ্রেষ্ঠ স্টল হিসেবে পুরস্কৃত করা হয় ৭ম ব্যাচের স্টলটিকে। চমৎকার এই আয়োজনের মধ্য দিয়ে ক্যাম্পাসে এক দারুণ সম্প্রীতির আবহ তৈরি হয়।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.