আঃ হান্নান আল আজাদ, নান্দাইল প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়নের আতারামপুর গ্রামে সরকারি গাছ অবৈধভাবে কাটার ঘটনায় অভিযান চালিয়ে কেটে রাখা কাঠ জব্দ করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাস্তাঘাটের পাশে থাকা প্রায় ১৫টি সরকারি গাছ কোনো ধরনের সরকারি অনুমোদন বা টেন্ডার ছাড়াই কেটে ফেলা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় একটি প্রভাবশালী চক্র প্রকাশ্য দিবালোকে গাছগুলো কেটে টুকরো টুকরো করে বিক্রি বা পাচারের প্রস্তুতি নিচ্ছিল। এর মধ্যে কয়েকটি গাছের কাঠ ইতোমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন স্থানীয়রা।
বিষয়টি প্রশাসনের নজরে এলে নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। শনিবার (১৪ জুন) পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে কেটে রাখা বিপুল পরিমাণ কাঠ এবং অবশিষ্ট গাছ জব্দ করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ বলেন, “আমরা ঘটনাস্থল থেকে গাছের কাঠ জব্দ করেছি। বিষয়টি তদন্তের জন্য প্রশাসনের লোকজন কাজ করছেন। তদন্তে জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাদের আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, সরকারি সম্পদ আত্মসাতের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। জব্দকৃত কাঠ সরকারি হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবৈধভাবে সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
স্থানীয়দের মতে, রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.