বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তুম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। তারা দুজনই শৌখিন মৎস্যশিকারী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে কয়েকজন মৎস্যশিকারী একটি ব্যাটারিচালিত অটোরিকশাযোগে মাছ ধরার জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন। পথে শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি দ্রæতগতির মালবাহী ট্রাক বিপরীত দিক থেকে এসে অটোরিকশাটিকে সজোরে চাপা দেয়। দুর্ঘটনার আঘাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রæত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচলেও বিঘ্ন ঘটে। খোঁজ নিয়ে জানা যায়, নিহত ও আহতরা সবাই মাছ ধরার জন্য প্রয়োজনীয় টোপ হিসেবে ব্যবহৃত পিঁপড়ার ডিম সংগ্রহ করতে ভোরে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই তারা ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন। এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসী দ্রæত ঘাতক চালককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয় জনগণের সহযোগিতায় ঘাতক ট্রাক এবং ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
বার্তা প্রেরক:
বিজয় কর রতন,
মিটামইন, কিশোরগঞ্জ।
মোঃ শাহাদাত ভূঁইয়া
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়
পুরানা পল্টন, ঢাকা
মোবাইল: 01711928746
ই-মেইল: bangladeshsangbad2023@gmail.com
Copyright © 2026 বাংলাদেশ সংবাদ. All rights reserved.